রেলের সাদা চাদর চুরির ঘরনা মাঝে মাঝেই ঘটে। এই নিয়ে রেল যথেষ্ট তৎপরতা বাড়ানোর পরেও বিষয়টা পুরোপুরি কমে নি। চাদর চুরি করা ও চুরি করে ধরা পরা একটা বিষয়। কিন্তু ধরা পরে গলা চড়ানো একেবারেই অন্য বিষয়, যাকে বলে -‘চোরের মায়ের বড়ো গলা’। রেলের সাদা চাদর স্যুটকেসের ভিতরে! স্টেশনে বামাল ধরা পড়েও রীতিমতো তেড়েফুঁড়ে উঠতে দেখা গেল এক দম্পতিকে। বিশেষত গৃহবধূকে। ভাইরাল হয়ে গিয়েছে এমনই এক ভিডিও! যাকে ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলার স্বামী স্যুটকেসটি খুলেছেন। ভিতরে দেখা যাচ্ছে রেলের বেডশিট। মহিলার কোলে ছিল একটি শিশু। তাঁর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি চলছে। কেন তিনি এই কাজ করেছেন, এর জবাবে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ”আপনাকে তো বললাম কেন এটা করেছি। আমাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।” কে নিয়েছে জিজ্ঞেস করা হলে তিনি বলে ওঠেন, ”টিকিট চেকার।”
তাঁকে বারবার বলা হতে থাকে কেন তিনি ও তাঁর স্বামী এমন কাজ করেছেন। এতে লজ্জিত না হয়ে ওই মহিলাকে বলতে দেখা গিয়েছে, ”আমরা তো ফিরিয়েই দিচ্ছি।” গোটা ঘটনার সময় মহিলার স্বামীকে হাসতে দেখা যাচ্ছে। তিনি ক্যামেরা বন্ধ করারও আর্জি জানাতে থাকেন। যিনি ভিডিও করছিলেন তিনি বলতে থাকেন, ”এমন কোরো না।” ভাইরাল হওয়া ভিডিওয় সবটাই দেখা গিয়েছে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে- ‘দেখুন ওঁদের হাসি। হাতেনাতে ধরা পড়েও আক্ষেপ বা লজ্জার কোনও চিহ্নও নেই!’
