শুধু ঘুম ঘুম আর ঘুম। শুধু ঘুমের জন্য প্রচুর টাকা। ঘুমই যদি হয়ে ওঠে প্রতিযোগিতার বিষয়, তাহলে কেমন হয়? এই প্রতিযোগিতায় অংশ নিলে কেবল যে নিশ্ছিদ্র ঘুম ঘুমানোর সুযোগ পাওয়া যাবে, তাই নয়। ঘুমশেষে পাওয়া যাবে মোটা টাকার পুরস্কার, যার মূল্য কয়েক লক্ষ টাকা!জাপানে এবার এমনই এক অভিনব ‘স্লিপ রেস’-এর আয়োজন করা হচ্ছে, যেখানে দৌড়, লাফ বা শারীরিক কসরতের বদলে প্রতিযোগীদের কাজ হবে কেবলমাত্র ঘুমোনো। বিজয়ীর পুরস্কার হিসেবে রাখা হয়েছে ২২.২ লক্ষ জাপানি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২–১৩ লক্ষ টাকার কাছাকাছি।
এই প্রতিযোগিতার আয়োজক জাপানের নামি ম্যাট্রেস সংস্থা ‘কোয়ালা জাপান’। প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘ম্যাট-রেস বাই কোয়ালা’। অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজিত প্রতিযোগিতাটিতে দিনে মোট তিনটি রেস হবে এবং প্রতিটি রেসে ২০ জন করে অংশ নেবেন। আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে প্রতিযোগী বেছে নেওয়া হবে। ঘুমাতে হবে টানা ৯০ মিনিট (Sleep For 90 Minutes)। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারছেন, আর কার ঘুম কতখানি গভীর, এ সবই হবে এই প্রতিযোগিতায় দেখার বিষয়। সেই অনুযায়ী পাওয়া যাবে ‘স্লিপ স্কোর’। তবে শুধু বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই জয়ী হওয়া যাবে, এমন নয়। প্রত্যেক প্রতিযোগীর ঘুম পর্যবেক্ষণ করা হবে বিশেষ ‘স্লিপ মনিটারিং ইকুয়িপমেন্ট’-এর মাধ্যমে। সামগ্রিক মূল্যায়ন চিকিৎসকদের তত্ত্বাবধানে হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
