জীবনের শেষ কয়েক বছর জগদীশচন্দ্র বসু কাটিয়েছেন ঝাড়খন্ডের গিরিডিতে। সেখানেই জমা আছে একটা সিন্দুক – যা তিনি নিজের হাতে ব্যবহার করতেন। এবার আদালতের নির্দেশে তা খুলতে চলেছে। ১৯৩৭ সালের নভেম্বরে তাঁর মৃত্যুর পর থেকে সিন্দুকটি আর খোলা হয়নি বলে জানা যাচ্ছে। তার ভিতরে কী রয়েছে? অপ্রকাশিত গবেষণাপত্র, বিজ্ঞানের অমূল্য কোনও আবিষ্কারের নথি, নাকি ব্যক্তিগত চিঠিপত্র? এই রহস্যের কিনারা করতে এবার উদ্যোগী হল ঝাড়খণ্ড হাইকোর্ট। জানা গিয়েছে, গিরিডি জেলার বরগণ্ডা এলাকার শান্তি ভবনে রয়েছে এই লোহার সিন্দুকটি। জীবনের শেষ কয়েকটি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এখানেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকে সিন্দুকটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে তার ভিতরে কী রয়েছে, তা নিয়ে ইতিহাসবিদ, বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
জগদীশচন্দ্র বসুর বাড়ির বেহাল দশা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা (PIL) গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত ঐতিহ্যবাহী স্থান চিহ্নিত করা, সেগুলির সুরক্ষা নিশ্চিত করা এবং পুনরুদ্ধারের জন্য একটি পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদি নীতি তৈরির নির্দেশ দিয়েছে আদালত।পাশাপাশি, শান্তি ভবন সংগ্রহশালার বর্তমান পরিস্থিতি কী, সেটির সংস্কার ও উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করা হবে, তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরকে। এই শুনানিতে বিশেষভাবে নজর কেড়েছে বিজ্ঞানীর একটি লোহার সিন্দুক। জানা গিয়েছে, গত ৮৯ বছর ধরে সেটি সংগ্রহশালার ভিতরেই রয়েছে। আদালতের নির্দেশ, উপযুক্ত নজরদারিতে ওই সিন্দুক খুলে তার ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। আদালত আরও বলেছে, তাঁর মৃত্যুর ৮৯ বছর পরও লোহার সিন্দুকটি বন্ধই পড়ে রয়েছে। ওই লোহার সিন্দুকে স্যর জগদীশচন্দ্র বসুর গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। তা মানবজাতিকে, বিশেষ করে বিজ্ঞানচর্চার সমাজকে সমৃদ্ধ করতে পারে। ওই সিন্দুক খোলার এটাই আসল সময়।”
