১১ নভেম্বর বুধবার, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে, সকাল ৮টা ৩০ মিনিটে প্রথা মেনে বন্ধ হলো কেদারনাথ মন্দিরের দরজা। আগামী ছয় মাস এই মন্দিরের দরজা বন্ধ থাকবে। জ্যোতির্লিঙ্গটি মন্দিরে থাকলেও নিত্যপুজোর জন্য নামিয়ে আনা হচ্ছে মহাদেবের প্রতীকী মূর্তি বা উৎসব মূর্তি যা পঞ্চমুখী ডোলি নামেও পরিচিত। আগামী ছয় মাস উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে থাকবেন বাবা কেদার। সেখানেই দর্শন মিলবে তাঁর। হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত হওয়ায় শীতে মোটা বরফের চাদরে ঢাকা পড়ে কেদারনাথ মন্দির। সেই কারণে ভ্রাতৃদ্বিতীয়া থেকে অক্ষয় তৃতীয়া, এই ছয় মাস মন্দির বন্ধ রাখা হয়। মন্দির বন্ধের আগে যাবতীয় রীতি মেনে জ্যোতির্লিঙ্গের অভিষেক করা হয়। ভেতরে জ্বালিয়ে দেওয়া হয় অখণ্ড প্রদীপ। প্রচলিত বিশ্বাস, বন্ধ মন্দিরের ভেতর, টানা ছয় মাস ওই প্রদীপ জ্বলতে থাকে। অনেকে বলেন, এই সময় স্বর্গলোক থেকে দেবতারা নেমে এসে কেদারনাথের আরাধনা করেন।
কেদারনাথ মন্দির বন্ধের এই প্রক্রিয়া দর্শন করতে শেষ দিনে হাজার হাজার দর্শনার্থীর ভিড় ছিল কেদারনাথ মন্দিরের প্রাঙ্গনে। ভোর রাত থেকে শুরু হয় মন্দির বন্ধের প্রক্রিয়া। বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক করা হয়। ধর্মীয় প্রথা মেনে মন্দির প্রদক্ষিণ করে ঠিক সকাল সাড়ে আটটায় দরজা বন্ধ করে দেওয়া হয়।মন্দির বন্ধ হলে কেদারনাথের পঞ্চমুখী চাল বিগ্রহ উৎসব ডোলি উখিমঠে ওমকারেশ্বর মন্দিরের দিকে রওনা দেয়। আর্মির ব্যান্ড ও জয় বাবা কেদার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। বুধবার রাতে রামপুরে বিশ্রাম নেওয়ার পর, ১২ নভেম্বর গুপ্তকাশী পৌঁছবে উৎসব ডোলি। এরপর ১৩ নভেম্বর ডোলি পৌঁছবে উখিমঠে। আগামী ছয় মাস সেখানেই অধিষ্ঠান করবেন বাবা কেদার।
