পাঁচ দিনের উৎসবের শেষেও চমক বাকি! শুক্রবার নিরঞ্জনের আগে হেলিকপ্টার থেকে ঝরবে ১৬০ কেজি গোলাপের পাপড়ি। চার দফায় পুষ্পবৃষ্টির পর ঘোড়ায় চাপিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে দেবীপ্রতিমাকে। মধ্যমগ্রামের ইয়ং রিক্রিয়েশন ক্লাবের ৩৯তম বর্ষের শ্যামাপুজোর সমাপ্তি পর্ব ঘিরে এমনই আয়োজন হতে চলেছে।বিকেল ৪টে নাগাদ মণ্ডপ ও সংলগ্ন চৌমাথা এলাকায় হবে পুষ্পবৃষ্টি। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে প্রতিমার শোভাযাত্রা। স্থানীয় বসুনগর পুকুরপাড়ে হবে নিরঞ্জন। পথে ভক্ত ও দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তাদের দাবি, জেলায় প্রতিমা নিরঞ্জন ঘিরে এমন আয়োজন এই প্রথম।
পুজো কমিটির সম্পাদক মোমিন আলী বলেন, “চার দফায় মোট ১৬০ কেজি তাজা গোলাপের পাপড়ি দিয়ে পুষ্পবৃষ্টি করা হবে। প্রতিবার ৪০ কেজি করে পাপড়ি ছড়ানো হবে। এই আয়োজনের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মিলেছে। জেলাশাসকের দপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া চলছে। মানুষের পাশে থাকা এবং সকলকে নিয়ে উৎসবে শামিল হওয়ার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।”প্রসঙ্গত, এবার ‘শান্তির পথে’ থিমে তৈরি হয়েছিল ১২০ ফুট উঁচু ও ৮০ ফুট চওড়া মণ্ডপ। থাইল্যান্ডের চিয়াং মাই শহরের বিখ্যাত হোয়াইট ক্যাসেল বৌদ্ধ মন্দিরের আদলে তুলে ধরা হয়েছিল গৌতম বুদ্ধের দর্শন। পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে চলেছে অন্নভোগের আয়োজন।
