আধ্যাত্মিক চেতনা আর মানবসেবার এক অপূর্ব মিলনক্ষেত্র হয়ে উঠল মন্মথপুর। ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে জমে উঠেছে ৯ম বাৎসরিক মহা মহোৎসব। শ্রীশ্রী গুরু মন্দির ও বাবা সঙ্ঘেশ্বরজীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই দুই দিনের উৎসবে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সমাজের নানা স্তরের মানুষের সেবা ও সংবর্ধনায় অনন্য নজির গড়ল এই অনুষ্ঠান।
উৎসবের প্রথম দিনেই মানবসেবার এক উজ্জ্বল ছবি দেখা যায়। দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও কম্বল। এরপর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিশেষ সেবা সম্মান’প্রদান করা হয়। সম্মানিতদের তালিকায় ছিলেন প্রবীণ শিক্ষক, পুরোহিত, বৈষ্ণব, চিকিৎসক, কৃষক ও ব্যবসায়ীরা। সন্ধ্যায় সমবেত বীরভাবোদ্দীপক পূজারতি ও হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।
বুধবার ছিল মহোৎসবের দ্বিতীয় তথা শেষ দিন। এ দিন সকালে ভারত সেবাশ্রম সংঘের প্রচারক শ্রীমৎ স্বামী স্বাগতানন্দজী মহারাজ শতাধিক ভক্তকে সাধন দীক্ষা দেন। এরপর চারটি পৃথক স্থানে ১০৮টি ঘটের পবিত্র জল দিয়ে মূর্তি অভিষেকের সূচনা হয়। দুটি পৃথক স্থানে শ্রীচৈতন্যদেবের মূর্তি উন্মোচন করেন পূজ্য স্বামী বিমুক্তানন্দজী মহারাজ। দেশের বিভিন্ন পবিত্র তীর্থস্থান থেকে সংগৃহীত জল দিয়ে চলে এই মহাভিষেক।আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব বর্ষ উপলক্ষে এ দিন বিশেষ পূজারতির পাশাপাশি নিবেদন করা হয় ১৩১ প্রকার পদের অন্নকূট ভোগ। এই বিশাল আয়োজনে সাধু-বৈষ্ণবদের ভান্ডারা ছাড়াও হাজার হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল।
