প্রায় তিন বছর তিনি কাটিয়ে ফেলেছেন জেলের অন্ধকারে। বয়স হয়েছে ৭৪ বছর। এবার তাঁর আশঙ্কা, গারদের ওপারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। মুক্ত আকাশের সূর্য আর দেখা হবে না। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের একটি চিঠি লিখেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেখানেই তাঁর আক্ষেপ, জেলে তিনি যে অবস্থায় রয়েছেন সেখান থেকে হয়তো আর বেঁচে ফেরা হবে না। ইমরানের এই চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর আইনজীবী সলমন সাফদার। খোলা চিঠিতে কাপ্তান লিখেছেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না। আমি প্রাক্তন প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই চিঠি লিখিনি। আমার জীবনটা পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য উজাড় করে দিয়েছি।
একা একটা সেলে বন্দি রয়েছি, কারোর মুখটাও দেখতে পাই না। দিনে ২২ ঘণ্টা একাই কাটাতে হচ্ছে।’ ইমরানের আশা, এই চিঠির মাধ্যমে অনেক মানুষ তাঁর কথা শুনতে পাবেন। ইমরান আরও লিখেছেন, ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। রক্তচাপ বেড়ে ১৯৩ পর্যন্ত পৌঁছে গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এবার ইমরানের মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হবে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইমরান ইতিমধ্যেই একাধিক হার্টের অসুখে ভুগছেন। বয়সের সঙ্গে সঙ্গে ইমরানের অসুস্থতাও বাড়ছে। খোলা চিঠিতে কাপ্তানের আক্ষেপ, ‘আমি সারাজীবন চেষ্টা করেছি হাসপাতাল তৈরির জন্য, যেন সকলে বিনামূল্যে চিকিৎসা পায়। আজ আমি আর্জি জানাচ্ছি, আমার এবং আমার স্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয়।’
