ছট পুজো মানেই সূর্যদেবের আরাধনা। দেশ জুড়ে বহু মানুষ ছট পুজো করেন। তবে এই উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ছটি মাইয়ার পুজোও। কে এই ছটি মাইয়া জানেন? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়া সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সন্তান লাভের আশীর্বাদ দেন। বিশেষ করে সন্তানদের মঙ্গল, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বহু মহিলা নিষ্ঠার সঙ্গে ছটের ব্রত পালন করেন। লোকবিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়াকে উষা দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। উষা হলেন সূর্যদেবের পত্নী এবং ভোরের আলোর প্রতীক। তিনি নতুন জীবন, সৃষ্টির শক্তি এবং পৃথিবীকে লালন-পালন করার শক্তির প্রতীক হিসেবে পরিচিত। ছট পুজোয় তাই সূর্যদেবের পাশাপাশি ছটী মাইয়ার আরাধনাও বিশেষ গুরুত্ব পায়। ভারতের প্রাচীন বৈদিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে।
ছট মাইয়াকে নিয়ে প্রচলিত একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনি রয়েছে। সেই কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও তাঁর স্ত্রী রানি মালিনী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় তাঁরা নানা ধর্মীয় আচার পালন করতেন। অবশেষে রানির কোলে সন্তান এলেও জন্মের পরই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় রাজপরিবারে নেমে আসে গভীর শোক। সন্তান হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েন রাজা ও রানি। শোকে কাতর রাজা প্রিয়ব্রত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন। তাঁর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ছটী মাইয়া আবির্ভূত হন। কথিত আছে, দেবী নিজের অলৌকিক শক্তিতে মৃত শিশুটিকে পুনর্জীবন দান করেন। এরপর থেকেই রাজপরিবারে ফিরে আসে সুখ ও শান্তি। এই কাহিনি থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে ছটী মাইয়ার আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে বলে লোকবিশ্বাস। বাংলায় এটি ষষ্ঠীপুজো হিসাবেও পরিচিত। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনীকে ছটী মাইয়াই তাঁর পুজোর নিয়মের কথা জানান। দেবীর নির্দেশ মেনে রানি নিষ্ঠার সঙ্গে পুজো করেন। এরপর তাঁর কোলে সুস্থ সন্তানের জন্ম হয় বলে কাহিনিতে উল্লেখ রয়েছে। এই অলৌকিক ঘটনার স্মৃতি থেকেই ছটী মাইয়ার আরাধনা ছড়িয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও শুদ্ধ মনে ছটী মাইয়ার পুজো করলে সন্তান লাভের পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার আশীর্বাদ মেলে।
