নাম শঙ্করী দাস। বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক। এমনই সময় না থাকলেও বই মেলায় তাকে ঠিক দেখা যাবে একাধিক লিটল ম্যাগাজিন নিয়ে। বইমেলা প্রায় শেষ পর্যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তো যাচ্ছেন, কিন্তু চেনেন ‘লিটিল ম্যাগাজিনের মা’ কে! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো বইমেলায় ভাইরাল ব্যারাকপুরের শংকরী দাস। কাঁচা পাকা চুলের এই মহিলাকেই এখন বইমেলায় সকলে চেনেন “লিটিল ম্যাগাজিনের মা” বলে। হাসিমুখে বইপ্রেমীদের হাতে বই তুলে দিতে পেরেই যেন শান্তি পান তিনি। ১৩ বছর আগে পুত্র সোমনাথ দাসের অকাল মৃত্যুর পর থেকেই শংকরী দেবী সোমনাথের ‘সময় তোমাকে’ পত্রিকাটি নিজের ছেলের মতো করেই আগলে রেখেছেন।
পাশাপাশি অল্প পুঁজির অন্যান্য সাহিত্যিকদের বই নিয়ে লিটিল ম্যাগাজিনে স্টলে ঠায় দাঁড়িয়ে তিনি যেন খুঁজে চলেছেন তার ছেলের সেই স্মৃতিকেই। বাড়িতে রয়েছে বছর ৮৪ অসুস্থ স্বামী, ছোট ছেলেও অসুস্থতার কারণে প্রায় শয্যাশায়ী। বিবাহিত মেয়ের কিছুটা সাহায্য আর শংকরী দেবীর অসম্ভব পরিশ্রমেই চলে টানাটানির সংসার। সারা বছর নানা বাধা-বিপত্তি, কষ্ট কাটিয়ে এই কয়েকটা দিন তিনি বইমেলায় প্রাণ খুলে বাঁচেন হাজার হাজার সন্তানদের নিয়ে। বয়সের ভারে নিজেও আজ কিছুটা দুর্বল, তবু এই বয়সেও নিজের অসুস্থতাকে লুকিয়ে রেখে লিটিল ম্যাগাজিনের স্টলে মৃত পুত্রের স্মৃতিকে বাঁচিয়ে, হয়ে উঠেছেন সকলের মা। এবছর আর আর্থিক সামর্থ্য হয়নি নতুন বই প্রকাশের, তবু সকলেই এসে কুশল বিনিময়ের সঙ্গে সঙ্গে তার কাছ থেকে কিনছেন সামর্থ্য অনুযায়ী বই, আবার অনেকেই তুলছেন সেলফি আর এভাবেই হাসি মুখে সন্তানদের আবদার মেটাচ্ছেন লিটিল ম্যাগাজিনের এই মা।
