চিনের চোখ রাঙানি উড়িয়ে দলাই লামাকে নিয়ে বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদির সরকার। বৌদ্ধ ধর্মগুরুর জন্য দিল্লিতে সরকারি বাংলো বরাদ্দ করল কেন্দ্র। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে বলে খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লুটয়েনসের ২০, পণ্ডিত রবিশঙ্কর শুক্লা লেনের বাংলোটি বরাদ্দ করা হয়েছে দলাই লামার জন্য। গত কয়েক মাস ধরে বাংলোটির সংস্কারের কাজ চলেছে। জানা গিয়েছে, বাংলোর প্রবেশদ্বারে ‘গাদেন ফোদ্রাং’ লেখা নেমপ্লেট দেখা গিয়েছে। বাইরে নির্মাণকাজের ধ্বংসাবশেষও পড়ে থাকতে দেখা গিয়েছে। বলে রাখা ভালো, ‘গাদেন ফোদ্রাং’ হল দালাই লামার কার্যালয়।
২০১১ সালে, যখন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু রাজনৈতিক ক্ষমতা ত্যাগের সিদ্ধান্ত নেন, তখন এটিকে একটি ট্রাস্ট হিসাবে নিবন্ধিত করা হয়। দালাই লামা নিজেই এই ট্রাস্টের চেয়ারম্যান। বুধবার দালাই লামা জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত ‘গাদেন ফোদ্রাং ট্রাস্ট’-এরই তাঁর উত্তরসূরি নির্বাচনের অধিকার রয়েছে। যদিও চিন এই দাবি খারিজ করে দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন, দলাই লামার উত্তরসূরি তারাই নির্বাচন করবে। ২০২৫ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ‘টাইপ-৭’ এই বাংলোটি বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিল। পরে বিদেশ মন্ত্রক সেটি দলাই লামার দপ্তরের জন্য বরাদ্দ করে বলে জানা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে বাংলোটিকে ঢেলে সাজাতে ৩৪.৯৪ লক্ষ টাকার টেন্ডার প্রকাশ করেছিল কেন্দ্রীয় পূর্ত দপ্তর (সিপিডাব্লুডি)। বাংলোটির নিরাপত্তা জোরদার করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
