পরিকল্পনা বহুদিনের। কিন্তু নানা জটিলতার কারনে তা চালু করা যায় নি। এবার নতুন সরকার তা চালু করতে চলেছে। কার্শিয়ং থেকে দার্জিলিঙের পর জঙ্গলমহলে জোড়া রোপওয়ে প্রকল্প এবার বাস্তবায়নের পথে। রোপওয়ের জানালা দিয়ে দেখা যাবে অযোধ্যা পাহাড় এবং মুকুটমণিপুরের নীল জলরাশি। রাজ্যের পর্যটন বিভাগের তরফে আরআইটিইএস নামে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও দক্ষিণ বাঁকুড়ার মুকুটমনিপুর এলাকা ঘুরে সমীক্ষা শেষে ডিপিআর জমা করেছে। রাজ্যের পর্যটন বিভাগে ওই ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট জমা পড়ার পরই কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের পর্যটন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল নাগাদ গৌতম দেব যখন রাজ্যের পর্যটন মন্ত্রী ছিলেন সেইসময় জঙ্গলমহলের এই জোড়া রোপওয়ে প্রকল্পে অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুরের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ হয়।
ওই বিভাগের তৎকালীন সচিব অজিতরঞ্জন বর্ধন এই কথা জানিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। বর্তমানে রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, এবার জঙ্গলমহলেও রোপওয়ে হবে। ওই সমীক্ষক সংস্থা রাজ্যের পর্যটন বিভাগে যে প্রকল্প রিপোর্ট জমা করেছে তাতে সিরকাবাদের সমতল এলাকা থেকে প্রায় সাত কিমি পাকদণ্ডী পথের উপর দিয়ে একেবারে মার্বেল লেক পর্যন্ত রোপওয়ে হওয়ার প্রস্তাব আছে। একইভাবে মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির থেকে জলাধারের ওপারে গোপালপুর পর্যন্ত রোপওয়ে হওয়ার প্রস্তাব রয়েছে। ওই প্রকল্প রিপোর্টে দুটি জেলারই রোপওয়ের দৈর্ঘ্য, প্রকল্প ব্যয় ও নির্মাণের সময়সীমা ধরা রয়েছে। একসঙ্গে কত পর্যটক চড়তে পারবেন, সময় কত লাগবে সবই তুলে ধরা হয়েছে রিপোর্টে। কত জমি প্রয়োজন হবে উল্লেখ রয়েছে সেই বিষয়টিও।
