‘সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার’। এখন এই প্রবাদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এতদিন সড়কপথ, জনপথে গঙ্গাসাগরে যাওয়া যেতো। এবার আকাশ পথেও যাওয়া যাবে। মমতা সরকারের (Mamata TMC) আমলে শুধু কপ্টার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। তবে, এবার টিকিট কেটে হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন। কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি গঙ্গাসাগর মেলায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা। এছাড়াও ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।
প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জানান, দুই ধরনের হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে পেইড হেলিকপ্টার অর্থাৎ যেখানে নিজের ব্যয়ে টিকিট কেটে বুক করতে হবে। আরেকদিকে, প্রশাসনিক আধিকারিকদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। মনোজ আগারওয়াল বলেন, “কিছু লোক রয়েছেন,যাঁরা টাকা দিয়ে এখানে আসতে চেয়েছেন। যেমন বদ্রীনাথ যায়, কেদারনাথ যায় ওদের জন্য একটা ব্যবস্থা থাকবে। আসন অনুযায়ী টিকিট কেটে আসতে পারবে হেলিকপ্টারে। আরেকটা প্রশাসনের জন্য ব্যবস্থা থাকবে।” অর্থাৎ জনসাধারণের জন্য ৮ থেকে ১০ টি হেলিকপ্টার থাকবে। দেশ-বিদেশ থেকে আগাম বুকিং করা যাবে। তবে, কলকাতা থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ দিল্লি থেকে কেউ যদি বুকিং করেন, তাঁকে কলকাতায় এসেই কপ্টার পরিষেবা নিতে হবে। কপ্টার পরিষেবার সবথেকে সুবিধা হল, সকালে এসে বিকেলে ফিরে যেতে পারবেন পূণ্যার্থীরা।
