www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 14, 2026 3:20 pm

শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ব্যান্ডের তালে মুখরিত শহর। কলকাতার রাজপথে তখন গেরুয়া প্লাবন।

শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ব্যান্ডের তালে মুখরিত শহর। কলকাতার রাজপথে তখন গেরুয়া প্লাবন। উপলক্ষ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীশ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি। শুক্রবার এই উপলক্ষে দক্ষিণ কলকাতায় এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকলেন শহরবাসী। সংঘের সন্ন্যাসীদের নেতৃত্বে এই মিছিলে পা মেলালেন হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ। শুক্রবার বিকেলে বালিগঞ্জের সংঘভবন থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এ দিনের মিছিলে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। কেবল শহর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হয়েছিলেন এই মহামিলন উৎসবে। শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের। ছিল বিভিন্ন ক্লাব ও মিলন মন্দিরের সদস্যরাও।

শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আসা আদিবাসী শিল্পীদের মনমুগ্ধকর নৃত্য। বিভিন্ন দেব-দেবীর সুসজ্জিত ট্যাবলো এবং ব্যান্ডপার্টির সুর মিছিলকে এক অন্য মাত্রা দেয়। বালিগঞ্জ থেকে শুরু হয়ে মিছিলটি রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং হাজরা মোড় হয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। দীর্ঘ পথ অতিক্রম করে ফের সংঘভবনে ফিরে শোভাযাত্রাটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে ছিল অভূতপূর্ব উন্মাদনা। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “আচার্যদেবের আদর্শ এবং তাঁর দেওয়া মহাজাগরণ ও মহাসম্প্রসারণের বাণী জনমানসে ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *