ঘুমের ঘোরে আচমকাই ব্রেকফেল, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা ধাক্কা মারল বড়সড় একটি গাছে! অথবা দপ করে আলো নিভে গাড়ি উল্টে পড়ল গভীর কোনও গর্তে। আতঙ্কে, ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে ঘুমটা যখন ভাঙে, তখন বুক ধড়ফড় করছে। অনেকেই রাতে এমন ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Car Accident) স্বপ্ন দেখে প্রায়ই চমকে ওঠেন। সকালে উঠে মনে একটাই কু ডাকতে থাকে, ‘সত্যিই কি তবে বাস্তবে কোনও বড় বিপদ অপেক্ষা করছে?’ জ্যোতিষশাস্ত্র ও স্বপ্নবিজ্ঞান অবশ্য বলছে অন্য কথা। এই ধরনের স্বপ্ন আসলে কোনও অলৌকিক ভবিষ্যতের আগাম বার্তা নয়, বরং আপনার বর্তমান জীবনের মানসিক টানাপোড়েন আর গ্রহ-নক্ষত্রের এক জটিল সমীকরণ।
জ্যোতিষ গবেষকদের মতে, অবচেতন মনের এই সংকেতগুলি আমাদের প্রাত্যহিক জীবনের নানা সমস্যার প্রতিচ্ছবি। জেনে নিন, কোন ধরনের দুর্ঘটনার স্বপ্ন আপনার জীবনের কোন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। স্বপ্নে যদি দেখেন আপনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারল, তবে শাস্ত্রমতে তা মোটেও ভালো লক্ষণ নয়। এটি মূলত তীব্র পারিবারিক অশান্তি বা কোনও গোপন পারিবারিক সমস্যার ইঙ্গিত দেয়। হয়তো খুব শীঘ্রই পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হতে চলেছে। আবার যদি দেখেন, গাড়িতে আপনার খুব পছন্দের কোনও মানুষ বা নিকটাত্মীয় বসে আছেন এবং সেই অবস্থায় দুর্ঘটনা ঘটল। মনোবিদরা বলছেন, এটি ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ করে। হতে পারে তাঁকে নিয়ে আপনি মারাত্মক উদ্বেগে আছেন কিংবা মনের অজান্তে তাঁর প্রতি কোনও ক্ষোভ জমে রয়েছে।
