দর্শকদের বিপুল ভালোবাসা ও প্রশংসার মাঝেই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রেক্ষাগৃহের যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রযোজক সংস্থা। ছবির টিমের মতে, দর্শকের কাছ থেকে যে উষ্ণ সাড়া মিলছে, তাতে এমন সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ‘সাধক বামাক্ষ্যাপা’ দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে বলে দাবি নির্মাতাদের। তাঁদের দাবি, উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হলে আসছেন এবং সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল হচ্ছে। ছবির ‘ওয়ার্ড অফ মাউথ’ এবং দর্শকের সঙ্গে তৈরি হওয়া সংযোগ নির্মাতাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
তবে রাজশ্রী প্রোডাকশন্স প্রযোজিত এবং যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ) পরিবেশিত ‘ইয়ে প্রেম মল লিয়া’ ছবির আসন্ন মুক্তির আবহে প্রদর্শকদের তরফে জানানো হয়েছে যে, এই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র জন্য পর্যাপ্ত শো বরাদ্দ করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নির্মাতাদের স্পষ্ট অবস্থান, অন্য কোনও ছবি মুক্তি পাক বা দর্শকের কাছে পৌঁছয়— তাতে তাঁদের কোনও আপত্তি নেই; প্রতিটি ছবিরই নিজের প্রাপ্য সুযোগ পাওয়া উচিত। কিন্তু তাঁদের দৃঢ় বিশ্বাস, যে ছবি ইতিমধ্যেই ভালো চলছে এবং দর্শকের প্রকৃত ভালোবাসা পাচ্ছে, তার বিনিময়ে যেন এমনটা না ঘটে। স্ক্রিন ও শো-এর ন্যায্য ও সমান বণ্টন হওয়া উচিত, যাতে উভয় ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শকেরা নিজেদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ পান।
