www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 9, 2026 11:35 am

দিন যতই এগোচ্ছে, বিভিন্ন পুজোমন্ডপে ততোই দেখা দিচ্ছে আধুনিকতার ছোঁয়া

দিন যতই এগোচ্ছে, বিভিন্ন পুজোমন্ডপে ততোই দেখা দিচ্ছে আধুনিকতার ছোঁয়া। অবশ্য সব জায়গায় নয়। বেশিরভাগ মন্ডপে এখনো সেই সনাতনিভাব রয়ে গেছে।কালীপুজো উপলক্ষ্যে বর্ধমানের বীরহাটার বড়মা’কে ঘিরে ভক্তদের ঢল নেমেছে। স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবীর অপরূপ রূপ দর্শনের পাশাপাশি ভক্তদের নজর কাড়ছে মায়ের কাছে থাকা নানা আধুনিক উপহার। ১৯৮৮ সাল থেকে মন্দিরের পূর্ণ দায়িত্বে রয়েছেন প্রধান পুরোহিত দেবাশীষ মুখোপাধ্যায়। তিনি জানান, বর্ধমান জেলা পরিষদ, তথ্য ও সংস্কৃতি কেন্দ্র, ক্যালকাটা গেজেট এবং রাজবাড়ির ইতিহাস ঘেঁটেও মন্দির প্রতিষ্ঠার কোনও প্রামাণ্য নথি পাওয়া যায়নি। তবে মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক লোককথা ও জনশ্রুতি। জনশ্রুতি অনুযায়ী, অতীতে তান্ত্রিক সাধনায় নিযুক্ত বীরাচারী সন্ন্যাসীরা যাতায়াতের পথে বাঁকা নদীর তীরবর্তী জঙ্গলে বিশ্রাম নিতেন। সেখানেই মাটির কালীমূর্তি গড়ে পুজো করতেন তাঁরা।

সেই বীরাচারী সন্ন্যাসীদের নাম থেকেই এলাকার নাম হয় বীরহাটা এবং দেবী পরিচিত হন বীরহাটার কালীমাতা বা বড় মা নামে। মন্দিরে আজও সম্পূর্ণ তান্ত্রিক রীতিতেই পুজো হয়। রাতে মূল পুজোর আগে ঘটোত্তোলন ও ষোড়শোপচারে দেবীর আরাধনা করা হয়। পুরোহিত দেবাশীষ মুখোপাধ্যায় জানান, একসময় মন্দিরে পশুবলির প্রচলন ছিল। এমনকী, মানত পূরণে ভক্তদের বুকের রক্ত দেওয়ার রীতিও ছিল বলে জানা যায়। তবে ২০১৭ সাল থেকে মন্দিরে সব ধরনের রক্তপাত ও পশুবলি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে চালকুমড়ো ও আখ বলির মাধ্যমে পুজোর নিয়ম পালন করা হয়। তবে বড় মায়ের পুজোর অন্যতম আকর্ষণ এখন ভক্তদের দেওয়া আধুনিক উপহার। পুরোহিত জানান, মোবাইল ফোনের প্রচলন শুরু হওয়ার পর এক অশীতিপর বৃদ্ধা ভক্ত প্রথম মাকে একটি ফোন উপহার দিয়েছিলেন। পরবর্তীতে বহু ভক্ত মাকে ফোন উপহার দিয়েছেন। গত বছরও এক ভক্ত নতুন একটি ফোন উপহার দেন। সেই ফোন এখনও সচল। এমনকী, তাতে ফোনও আসে! অন্যদিকে, এক ভক্ত প্রতি বছর নিয়ম করে মাকে একটি করে স্মার্টওয়াচ উপহার দেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *