‘জলস্তম্ভ’ আমরা বইয়ে পড়েছি। নিজের চোখে দেখার সৌভাগ্য অনেকেরই হয় নি। বৃহস্পতিবার তেমন ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ। বর্ষা এসে পড়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গে ঘামে ভেজা গরম হলেও কখন যে কোথায় আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে বোঝা কঠিন। বর্ষাকালে এ দৃশ্য স্বাভাবিক। তবে, বৃহস্পতিবার মাঝ ধরতে গিয়ে মাঝ নদী থেকে যে দৃশ্য মৎস্যজীবীরা দেখলেন, তাতে কার্যত বুকে কেঁপে ওঠে তাঁদের। আচমকা দেখেন নদীর এক প্রান্ত থেকে কালো মেঘ ঘূর্ণীর আকার নিয়েছে।দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপর দেখা যায় এই দৃশ্য। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ জোড়া টর্নেডোর দেখা মেলে। হঠাৎ নদীর বুক থেকে আকাশের দিকে ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের মধ্যে। কিছুক্ষণ স্থায়ী হওয়া এই বিরল প্রাকৃতিক দৃশ্যের পরই এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি।
নদীতে থাকা নৌকা ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ‘ড্রাই ডে’ কাটিয়ে বৃষ্টি ফিরেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দুপুর থেকে জেলায় জেলায় চলছে ঝড়-বৃষ্টি। বজ্রগর্ভ মেঘের বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলিতেও। বর্ষা এসে গেলেও ২৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে বৃষ্টি বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
