বিএনপির বিপুল জয়ের পরে বিএনপির পক্ষ থেকে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করলেন ভাবি মুখ্যমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বহু প্রশ্নের উত্তর দেন। স্পষ্ট বুঝিয়ে দেন, কোনো জঙ্গিপনা নয়, বাংলাদেশের উন্নতি হবে তাদের একমাত্র লক্ষ্য। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিলেন, কোনওরকম হিংসা, বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করবে না নতুন সরকার। একইসঙ্গে বিদেশনীতি নিয়ে নতুন সরকারের অবস্থান কী হবে, এদিন স্পষ্ট করে দিলেন তারেক রহমান। নির্বাচনে বিএনপির জয়ের পর এদিন ঢাকার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন তারেক। সেখানে দেশ-বিদেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আর সেই সাংবাদিক বৈঠকেই নতুন সরকারের লক্ষ্য খোলসা করে দিলেন বিএনপি চেয়ারম্যান। এদিন তিনি বলেন, “প্রিয় দেশবাসী, এই বিজয় বাংলাদেশের। এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল প্রতিবন্ধকতার মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে চলেছি।” তিনি স্পষ্ট করেন ফ্যাসিবাদ নয়, গণতন্ত্রপ্রতিষ্ঠা তাদের একমাত্র লক্ষ্য।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো বাইরের শক্তিকে খবরদারি করতে দেওয়া হবে না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। এরপরই তিনি বলেন, “আর কোনও অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রপতি পরিণত করতে না পারে, তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। থাকতে হবে। ৫১টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সবাইকে অভিনন্দন জানাই। সরকার ও বিরোধী পক্ষ, যে যার ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু, দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতির ঐক্য আমাদের শক্তি।”
