প্রত্যেক পরিবারেই বিয়ের জন্য সোনার গয়না কিনতে হয়। কিন্তু জ্যোতিষ বলছে বিয়ের জন্য গয়না কেনা কিছু নির্দিষ্ট দিন হিসাব করেই কিনতে হবে। ভুল দিনে সোনা কিনলে দাম্পত্যে অশান্তি এমনকি আর্থিক ক্ষতির আশঙ্কাও থেকে যায়। আপনার বিয়ের কেনাকাটা করার আগে জেনে নিন কোন দিনটি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বিয়ের কেনাকাটায় গয়না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, যত্রতত্র বা যখন-তখন সোনা কিনলে সুফল পাওয়া যায় না। বৈবাহিক জীবনে সুখ ও সমৃদ্ধি অটুট রাখতে শুভ তিথি ও নক্ষত্র দেখেই সোনা কেনা উচিত। বিয়ের মরশুমে চটজলদি গয়না কেনার পরিকল্পনা থাকলে একটু থামুন। শাস্ত্রমতে, পুষ্যা নক্ষত্র বা অমৃতযোগ দেখে সোনার গয়না কেনা সবথেকে ভালো। এই বিশেষ সময়ে কেনা সোনা গৃহের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়।
জ্যোতিষশাস্ত্রে সোনার সঙ্গে সরাসরি সূর্যের সম্পর্ক রয়েছে বলে মানা হয়। তাই সঠিক বার ও তিথি মেনে সোনা কিনলে ভাগ্যোদয় নিশ্চিত। বিয়ের গয়না কেনার জন্য রবিবার এবং বৃহস্পতিবারকে সবথেকে শুভ দিন হিসেবে গণ্য করা হয়।রবিবার সোনা কিনলে সূর্য দেবতার বিশেষ কৃপা পাওয়া যায়। এর ফলে কর্মক্ষেত্রে ও দাম্পত্য জীবনে তেজ ও যশ বৃদ্ধি পায়। নবদম্পতির আগামী জীবনে সম্মান ও প্রতিপত্তি বজায় রাখতে এই দিনটি অত্যন্ত প্রশস্ত। বৃহস্পতিবার সোনা কেনা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সমান বলে মনে করা হয়। এই দিনে সোনা কিনলে পরিবারে সুখ, শান্তি এবং আর্থিক স্থায়িত্ব আসে। এমনকি নতুন গয়না পরার জন্যও বৃহস্পতিবারকে অত্যন্ত শুভ দিন মনে করা হয়।
